পঞ্চগড়ের বোদায় নিরাপদ মাংস উৎপাদনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত মাংস উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে কসাই ও মাংস প্রক্রিয়াজাতকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাংস বিক্রির সঙ্গে যুক্ত কসাই ও মাংস প্রক্রিয়াজাতকারীরা অংশ নেন।

প্রশিক্ষণে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, অসুস্থ পশু শনাক্তকরণ, জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার সরঞ্জাম ব্যবহার, মাংস সংরক্ষণ ও বাজারজাতকরণসহ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। এছাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু ও বোদা প্রেসক্লাবের সহ-সভাপতি মাজুল ইসলাম আকাশ উপস্থিত ছিলেন।