প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬
সময়: ১১:০৩ এএম
নওগাঁর পোরশায় ১০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ অর্থ জব্দ
মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান (২৫) নামের এক পেশাদার খুচরা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে ৪টা ৩০ মিনিটের দিকে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পোরশা থানাধীন সারাইগাছী বাজার চারমাথা মোড় থেকে শিশাহাটগামী রাস্তার একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচা চলছে—এমন খবরে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মেহেদী হাসান পোরশা উপজেলার সারাইগাছী (পশ্চিমপাড়া) এলাকার মো. মজিবর রহমান ও মোছা. হাফেজা বেগমের ছেলে।
পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে আসামির পরিহিত লুঙ্গির ডান কোচর তল্লাশি করে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১৬,৯৮০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও থানায় ২টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।