বাগেরহাট রামপাল থানার ওসি ও সাতক্ষীরা ডিবির সাবেক পরিদর্শক শেখ রাজিব আল রশিদ আর নেই

মো: আদমআলী সাতক্ষীরা জেলা প্রতিনিধি:    
                        
বাগেরহাট জেলার রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক পরিদর্শক শেখ রাজিব আল রশিদ আর আমাদের মাঝে নেই। কিছুক্ষণ আগে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শেখ রাজিব আল রশিদের মৃত্যুতে সাতক্ষীরার পুলিশ বিভাগ, সহকর্মী, সাংবাদিকসহ তাঁর পরিচিতজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দায়িত্ব পালনকালে সাতক্ষীরার ডিবিতে কর্মরত ছিলেন। সেই সময় তাঁর সঙ্গে সাংবাদিক ও স্থানীয় সংবাদকর্মীদের গড়ে ওঠা নানা স্মৃতি আজ শোকের মুহূর্তে বারবার মনে পড়ছে।

বিশেষ করে ‘আপডেট সাতক্ষীরা’-এর সংবাদ তিনি নিয়মিত পড়তেন। সংবাদ ও সাংবাদিকতার সঙ্গে তাঁর ছিল আন্তরিক যোগাযোগ। কর্মজীবনে তাঁর সঙ্গে কাটানো অনেক স্মৃতি আজ শুধুই স্মৃতি হয়ে রইল।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো—তিনি একটি ছোট ছেলে ও একটি ছোট মেয়ে রেখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। অল্প বয়সেই সন্তান দুটির মাথার ওপর থেকে বাবার ছায়া সরে গেল। বাবাকে হারানোর এই অপূরণীয় শূন্যতা তারা কীভাবে সহ্য করবে—এ কথা ভাবলেই হৃদয় ভারী হয়ে আসে।

মরহুম শেখ রাজিব আল রশিদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
শেখ রাজিব আল রশিদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর স্মৃতি আমাদের মাঝে বেঁচে থাকবে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।