প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজে নজর পুলিশের

রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি ককটেল বিস্ফোরিত হলেও অপরটি পরে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।


পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ঘটনাস্থলের আশপাশে কয়েক মিনিট অবস্থান করেন। পরে তারা দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত এলাকা ত্যাগ করেন। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেলটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। হামলাকারীদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।


তিনি আরও বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে ককটেল নিক্ষেপের পর আগারগাঁও হয়ে কাফরুল এলাকার দিকে চলে যায়। তাদের পরিচয় নিশ্চিত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার নেপথ্যের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে বিভিন্ন দিক থেকে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।