আওয়ামী লীগ ছেড়ে সনাতনীরা বিএনপির দিকে ঝুঁকেছে: গয়েশ্বরের দাবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে নতুন প্রত্যাশা নিয়ে বিএনপির দিকে তাকিয়ে আছেন। তাদের সেই আস্থার যথাযথ মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সাভারের পঞ্চবটী আশ্রমে শহীদ মজনু ফাউন্ডেশনের উদ্যোগে ৪৬টি পূজা মণ্ডপের পূজারিদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের নানা কারণে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তবে বর্তমান সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টির মাধ্যমে তাদের আস্থা আরও দৃঢ় করতে সক্ষম হবে।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের জন্য নগদ ৫ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণের ব্যবস্থাও করা হয়েছে। হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমেও বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, দুর্গাপূজার মতো বৃহৎ আয়োজন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। উৎসবকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, জাকসুর সাবেক ভিপি আশরাফ খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস