‘৯৬’ সিনেমায় তৃষাকে নিয়েই অনড় ছিলেন পরিচালক, জানু চরিত্রে অন্য কাউকে চাননি প্রেম কুমার

বিনোদন ডেস্ক


ভারতের জনপ্রিয় তামিল সিনেমা ‘৯৬’-এ জানু চরিত্রে অভিনয়ের জন্য শুরু থেকেই অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে পছন্দ করেছিলেন পরিচালক সি প্রেম কুমার। তবে তৃষার ব্যস্ততার কারণে শুটিংয়ের সময়সূচি মেলানো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সম্প্রতি সিনেমাটির অভিনয়শিল্পী নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে এসব তথ্য জানিয়েছেন পরিচালক।


২০১৮ সালে মুক্তি পাওয়া ‘৯৬’ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করেন বিজয় সেতুপতি এবং জানু চরিত্রে অভিনয় করেন তৃষা কৃষ্ণন। স্কুলজীবনের প্রথম প্রেম, দীর্ঘদিন পর পুরোনো স্মৃতির মুখোমুখি হওয়া এবং না বলা অনুভূতির গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


পরিচালক প্রেম কুমার জানান, চিত্রনাট্য লেখার সময় থেকেই রাম ও জানু চরিত্রে তার পছন্দের তালিকায় ছিলেন বিজয় সেতুপতি ও তৃষা। তবে শুরুতে তৃষার শুটিংয়ের সময়সূচি পাওয়া কঠিন হয়ে পড়ে। সে সময় তিনি একাধিক সিনেমার কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে, বিজয় সেতুপতির শুটিংয়ের সময়সূচি পাওয়া সম্ভব হয়েছিল।


এমন পরিস্থিতিতে জানু চরিত্রে অন্য অভিনেত্রী নেওয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও চাপ এসেছিল বলে জানান পরিচালক। তবে চরিত্রটির জন্য তৃষাকেই চেয়েছিলেন তিনি। পরে তৃষার কাজের সময়সূচি পরিবর্তন করে বিজয় সেতুপতির শুটিংয়ের সঙ্গে সমন্বয় করা সম্ভব হয়। ফলে দুই অভিনয়শিল্পীকে নিয়েই সিনেমাটি নির্মাণ করেন তিনি। প্রেম কুমার আরও জানান, শুরুতে সিনেমাটি নিজে পরিচালনা করার পরিকল্পনা তার ছিল না। গল্পটি অন্য কোনো পরিচালকের হাতে তুলে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। তবে বিজয় সেতুপতি ও তৃষা দুজনই চিত্রনাট্য পছন্দ করায় শেষ পর্যন্ত নিজেই পরিচালনার দায়িত্ব নেন।


চেন্নাইয়ের বন্যার সময় লেখা হয় চিত্রনাট্য


‘৯৬’ সিনেমার গল্প লেখার পেছনেও রয়েছে বিশেষ স্মৃতি। পরিচালক জানান, ২০১৫ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে বন্যার সময় তিনি চিত্রনাট্যটি লিখেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, গল্পটি যেন তাকে বেছে নিয়েছিল। একটি চিত্রনাট্য লেখা এবং সেই গল্পের সঙ্গে অভিনেতা, প্রযোজক, সংগীত পরিচালক ও গীতিকারকে যুক্ত করতে পারাই তার কাছে আনন্দের বিষয়।


নিজের সাফল্যের পেছনে ভাগ্যের চেয়ে পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠাকে বেশি গুরুত্ব দেন এই পরিচালক। তার বিশ্বাস, আন্তরিক প্রচেষ্টা এবং কাজের প্রতি নিবেদনই সাফল্যের গুরুত্বপূর্ণ ভিত্তি।


আবারও প্রেক্ষাগৃহে ‘৯৬’


মুক্তির কয়েক বছর পরও ‘৯৬’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ অব্যাহত রয়েছে। সম্প্রতি তামিলনাড়ুতে তৃতীয়বারের মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ উপলক্ষে ছবিটির অভিনয়শিল্পী নির্বাচন ও নির্মাণের পেছনের গল্প নিয়ে কথা বলেছেন পরিচালক।

রাম ও জানুর সম্পর্কের মধ্য দিয়ে প্রথম প্রেম, পুরোনো স্মৃতি, সময়ের ব্যবধান এবং জীবনের না বলা অনুভূতি তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। বিজয় সেতুপতি ও তৃষার অভিনয় ছবিটিকে দর্শকদের কাছে বিশেষভাবে স্মরণীয় করে তুলেছে। পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তির মধ্য দিয়ে আবারও দর্শকদের সামনে এসেছে বহুল আলোচিত এই প্রেমের গল্প।