হবিগঞ্জের লাখাই উপজেলার প্রাণপ্রবাহ সুতাং নদী আজ ইতিহাসের চরম অস্তিত্ব সংকটে ধুঁকছে। একসময়ের প্রমত্তা ও সচ্ছল এই নদীটি আজ মৃতপ্রায় এক বিষাক্ত জলাধার। অলিপুরে গড়ে ওঠা প্রাণ-আরএফএল, স্কয়ারসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অপরিশোধিত ও নিষিদ্ধ বর্জ্য সরাসরি শৈলজুড়া খাল হয়ে সুতাং নদীতে পড়ার কারণে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের পরিবেশবাদী সংগঠন 'নোঙর বাংলাদেশ'-এর কেন্দ্রীয় চেয়ারম্যান সুমন শামসের তথ্য অনুযায়ী, বর্তমানে সুতাং নদী দেশের সবচেয়ে দূষিত নদগুলোর তালিকায় এক নম্বরে অবস্থান করছে—যা ঢাকা বুড়িগঙ্গা বা শহরকেন্দ্রিক নদীগুলোর দূষণকেও ছাড়িয়ে গেছে।
নদীর তীরবর্তী সাধারণ মানুষ খালি চোখে কেবল নদীর কালো পানি ও দুর্গন্ধ দেখলেও, এর ভেতরে লুকিয়ে রয়েছে মারাত্মক মরণঘাতী বিষ। হবিগঞ্জের একদল চিকিৎসক এই নদীর পানিতে মাইক্রোপ্লাস্টিক ও বিভিন্ন ভারী ধাতুর উপস্থিতি শনাক্ত করেছেন।
নদীর বিষাক্ত পানি দিয়ে সেচ কাজ পরিচালনার ফলে ধান ও শাকসবজির শিকড় সেই রাসায়নিক বর্জ্য শোষণ করছে। পরবর্তীতে সেই উৎপাদিত খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষের শরীরে সরাসরি বিষ প্রবেশ করছে।
নদীর দূষিত পানি চুইয়ে ভূগর্ভস্থ পানির স্তরকে বিষাক্ত করে তুলছে। ফলে নলকূপের পানির মাধ্যমেও অজান্তে শরীরে বিষ প্রবেশ করছে।
চিকিৎসকদের মতে, এই পানি ও পরিবেশের কারণে সাধারণ মানুষ ধীরে ধীরে লিভার সিরোসিস, কিডনি বিকল হওয়া, চর্মরোগ, শ্বাসকষ্ট এবং দীর্ঘমেয়াদে মরণব্যাধি ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।
নদীর তীরবর্তী লাখাইবাসী জানান, বিভিন্ন সময় সরকারি দলের মন্ত্রী ও এমপিরা নদী পরিদর্শনে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। সবাই কেবল আশ্বস্ত করে গেছেন। স্থানীয় জেলেরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন, নদীতে মাছ তো দূরের কথা একটি কাকড়াও বেঁচে নেই। নেই কোনো জলজ প্রাণী। স্থানীয় এক প্রবীণ ব্যক্তির আক্ষেপ— "কত মানুষ আসলো গেল, কেউই নদী রক্ষা করলো না; হে আল্লাহ, তুমিই এই নদীকে রক্ষা করো।"
স্থানীয় পরিবেশবাদীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নদীর পানি পরিশোধন (ETP) না করা হলে এবং কোম্পানিগুলোর এই বেপরোয়া দূষণ বন্ধ না করা হলে লাখাইবাসিকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
প্রশ্ন উঠেছে রাষ্ট্রের ক্ষমতার চেয়ে কোম্পানির শক্তি নিয়ে
লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সুতাং নদী খনন করা হলেও নদীকে যদি কলকারখানার বিষাক্ত বর্জ্য থেকে মুক্ত করা না যায়, তবে সেই খনন কাজের কোনো সুফল মিলবে না। সাধারণ মানুষের প্রশ্ন—তবে কি একটি কোম্পানি দেশের জনগণের চেয়েও শক্তিশালী? সরকারের শক্তির চেয়েও কি তাদের প্রভাব বেশি? তারা কোটি কোটি টাকা মুনাফা কামালেও লাখাইয়ের নদী ধ্বংস করে এখানকার মানুষকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
সুতাং নদী ও লাখাইয়ের লাখ লাখ মানুষকে বাঁচাতে অবিলম্বে যেসব পদক্ষেপ নেওয়া জরুরি: ১. অলিপুরের প্রতিটি কারখানায় শতভাগ ইটিপি (ETP) চালুকরণ এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক নিয়মিত কঠোর মনিটরিং। ২. শৈলজুড়া খালের মাধ্যমে সুতাং নদীতে বর্জ্য ফেলা স্থায়ীভাবে বন্ধ করা। ৩. নদী দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান।