ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছ কাটার করাত চুরির সন্দেহে শাহিন মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি উমর আলীকে (৪০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। ১৫ নভেম্বর রাতে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিলানী পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, নিহত শাহিন মিয়া বিজয়নগর উপজেলার নিদারাবাদ চৌধুরী মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে খালি বোতল ও ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার আগে স্থানীয় একটি স'মিল থেকে গাছ কাটার করাত চুরির ঘটনাকে কেন্দ্র করে শাহিনকে সন্দেহ করেন বিবাদীরা। তাঁকে চোর আখ্যা দিয়ে গালিগালাজ করা হলে এর প্রতিবাদ করেন শাহিন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা।
এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০ টার দিকে বিজয়নগর উপজেলার নিদারাবাদ দেওয়ান বাজারসংলগ্ন ওই স'মিলের সামনে শাহিনকে একা পেয়ে পথরোধ করে আটক করা হয়। পরে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে লোহার রড, শাবল, দা ও কাঠের রুল দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার রামপুরা এলাকার ডেলটা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর রাত ৯ টা ৫৩ মিনিটে শাহিন মিয়া মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ৭ টা ৪৫ মিনিটে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিলানী পেট্রোল পাম্পের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় বিজয়নগর থানার হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি উমর আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উমর আলী (৪০) বিজয়নগর উপজেলার নিদারাবাদ গ্রামের কাসুম আলীর ছেলে।
এসআরবি-৯ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।