পলাতক আসামি থেকে অনুপ্রবেশকারী, নজরদারিতে আধুনিক প্রযুক্তি, রাতেও থাকবে কঠোর নজরদারি।
ডিসেম্বরকে ঘিরে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তার বলয় আরও কঠোর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পলাতক আসামিসহ কোনো ব্যক্তি যাতে অবৈধ পথে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও জনবল। এবার সীমান্ত পাহারায় যুক্ত হয়েছে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা ও থার্মাল ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি।
সোমবার ১৬ নভেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে বিজিবির টহল কার্যক্রম পরিদর্শন শেষে এসব তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।
তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা সেক্টরের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২৫ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তার স্বার্থে জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন সদস্যরা। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিরা যাতে সীমান্ত ব্যবহার করে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়েও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
এ লক্ষ্যে প্রতিটি বর্ডার আউটপোস্টকে (বিওপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।