ফেনী সদর পৌরসভায় অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মো. ইব্রাহিম (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ফেনী জেলা কার্যালয়। এ সময় মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি রেইডিং টিম ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মধ্যম রামপুর মিয়াজী বাড়ি সড়ক এলাকার ‘আবদুর রউপ ভবন’-এ এই অভিযান পরিচালনা করে।
ডিএনসি ফেনী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে ভবনটির চারতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের উত্তর দুয়ারী পাঁচ কক্ষ বিশিষ্ট আসামির বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার দখল থেকে ২২৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৫,৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. ইব্রাহিম ওই এলাকার মৃত আবদুর রউপ ও মৃত পাঞ্জুবি নেছার ছেলে। তিনি নিজ বাড়িতেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য ডিএনসি ফেনী কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় এজাহার দিসেন এবং আসামিকে থানায় হস্তান্তর করা হয়।
ডিএনসি ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ এ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।