গাজীপুরের কালীগঞ্জে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের দক্ষিণ পাশে পৌর শ্মশানঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত ইটভাটার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইটভাটার ভেতরে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ সময় তাঁর দুই পা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় ছিল। শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাত ও ফোলা জখমের চিহ্ন দেখতে পান তাঁরা। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হায়াতুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। পরিচয় শনাক্তের কার্যক্রম শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় শনাক্ত এবং তাঁর স্বজনদের সন্ধানে কাজ চলছে। পাশাপাশি কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।