বাবা যখন সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান, তখন তাঁর চোখে একটাই স্বপ্ন থাকে, সন্তান বড় হবে, মানুষ হবে, একদিন তাঁর বৃদ্ধ বয়সের অবলম্বন হবে। নিজের সুখ, শখ, আরাম আয়েশ বিসর্জন দিয়ে সন্তানদের মুখে হাসি ফোটাতে যিনি সারাজীবন পরিশ্রম করেন, জীবনের শেষ প্রান্তে এসে সেই বাবাকেই যদি সন্তানের কাছে নিরাপত্তা খুঁজতে হয়, এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? যে হাত একদিন সন্তানের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিয়েছিল, সেই হাতেই যদি বার্ধক্যে অপমান আর নির্যাতনের ভার এসে পড়ে, তাহলে সমাজের মানবিকতা কোথায়?
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আবদুলাপুর ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামের ৯০ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী সুলতান উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে জজ মিয়া মাস্টারের অভিযোগ যেন এমনই এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক এই অবসরপ্রাপ্ত বৃদ্ধ শিক্ষক তাঁর জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন শিক্ষা বিস্তার ও সন্তানদের মানুষ করার কাজে। অথচ জীবনের শেষ বয়সে এসে তাঁরই অভিযোগ, সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলে তাঁকে হত্যার হুমকি দিচ্ছেন, জমি দখলের চেষ্টা করছেন, এমনকি বাধা দিতে গেলে মারধরও করেছেন। সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে তাঁর বলা কথাগুলো শুধু পারিবারিক বিরোধের বিবরণ নয়, বরং আমাদের পারিবারিক মূল্যবোধের ভাঙনের এক মর্মান্তিক চিত্র।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্ত্রীর মৃত্যুর পর নিজের বেঁচে থাকা ও প্রয়োজন মেটানোর জন্য কিছু সম্পত্তি নিজের কাছে রেখে বাকি সম্পত্তি পাঁচ ছেলের মধ্যে মৌখিক ও দলিলের মাধ্যমে বণ্টন করে দিয়েছেন তিনি। দশকাহুনিয়া উত্তর বন্দের ৩৬ শতাংশ জমি এক ছেলে সাইদুজ্জামান চৌধুরী খোকনকে চাষাবাদের জন্য মৌখিকভাবে বুঝিয়ে দিয়েছিলেন। সেই জমিতে কলাগাছ লাগানোকে কেন্দ্র করে বড় ছেলে মোখলেছুর রহমান চৌধুরী ও ছোট ছেলে আল আমিনের সঙ্গে বিরোধের সূত্রপাত। বৃদ্ধ পিতার অভিযোগ, গত ১০ নভেম্বর তাঁর নিষেধ অমান্য করে ওই জমিতে কলাগাছ লাগানোর চেষ্টা করা হয়। বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় এবং শাবল নিয়ে তেড়ে আসা হয়। এর আগে সম্পত্তি লিখে না দিলে ধারালো দা দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
এখানে জমির পরিমাণ ৩৬ শতাংশ, কলাগাছের চারা কিংবা কার ভাগে কতটুকু সম্পত্তি পড়েছে, সেটিই সবচেয়ে বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো, ৯০ বছর বয়সী একজন পিতা নিজের সন্তানদের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ নিয়ে সাংবাদিকদের সামনে কাঁদছেন। যে মানুষটি একদিন সন্তানদের ভবিষ্যৎ গড়তে নিজের জীবন ব্যয় করেছেন, আজ তাঁর নিজের ভবিষ্যৎ নিয়েই কেন এত ভয়? সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তার সমাধানের জন্য আইন, আদালত ও প্রশাসন রয়েছে। কিন্তু একজন বৃদ্ধ পিতার সঙ্গে দুর্ব্যবহার, তাঁকে ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ কোনোভাবেই পারিবারিক বিরোধের অজুহাতে গ্রহণযোগ্য হতে পারে না।
আরও বেদনাদায়ক বিষয় হলো, বৃদ্ধ পিতার দাবি, কিছুদিন আগে তাঁকে বসতঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। পরে চাপের মুখে সেই তালা খুলে দেওয়া হয়। একজন মানুষের জীবনের শেষ আশ্রয়টুকু যদি তাঁর নিজের সন্তানদের কাছেই অনিরাপদ হয়ে ওঠে, তাহলে তিনি যাবেন কোথায়? বৃদ্ধ বয়সে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটু সম্মান, নিরাপত্তা, সঙ্গ আর মানসিক প্রশান্তি। তাঁর কাছে হয়তো কোটি টাকার সম্পদ নেই, কিন্তু জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আসা অভিজ্ঞতা, স্মৃতি আর সন্তানদের প্রতি সীমাহীন ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসার প্রতিদানে যদি তাঁকে হুমকি আর অপমান সহ্য করতে হয়, তা সত্যিই হৃদয়বিদারক।
অন্যদিকে অভিযুক্ত বড় ছেলে মোখলেছুর রহমান চৌধুরীর বক্তব্যও সামনে এসেছে। তাঁর দাবি, পিতার জমিতে পাঁচ ভাইয়ের অংশ রয়েছে এবং তাঁরা কলাগাছ লাগানোর সময় ছোট ভাই রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী এসে সেগুলো নষ্ট করেছেন। তিনি আরও বলেছেন, তাঁদের বাবা বিষয়টি নিয়ে পারিবারিক আলোচনায় বসতে রাজি হননি। ফলে দুই পক্ষের বক্তব্যে জমির মালিকানা, বণ্টন ও কলাগাছ নষ্ট করার ঘটনা নিয়ে ভিন্নতা রয়েছে। এ কারণে আবেগের বশবর্তী হয়ে কাউকে অপরাধী না বানিয়ে বরং নিরপেক্ষভাবপ প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি। জমির মালিকানা ও বণ্টনসংক্রান্ত বিষয়ও আইনগতভাবে দেখা প্রয়োজন।
তবে একটি বিষয় মনে রাখতে হবে, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলেও বৃদ্ধ পিতার নিরাপত্তা ও মর্যাদার অধিকার কোনোভাবেই খর্ব হতে পারে না। তিনি নিজের সম্পত্তি কাকে দেবেন, কতটুকু নিজের কাছে রাখবেন, সেটি আইনসম্মতভাবে নির্ধারণ করার অধিকার তাঁর রয়েছে। সন্তানদের দায়িত্ব পিতার সম্পত্তির দিকে তাকিয়ে থাকা নয়, বরং তাঁর জীবনের শেষ দিনগুলোতে পাশে দাঁড়ানো। সন্তানদের কাছে পিতামাতা কোনো সম্পত্তির দলিল নন, তাঁরা জীবনের সবচেয়ে বড় ঋণ, যা কোনো জমিজমা দিয়ে পরিশোধ করা যায় না।
আমাদের সমাজে প্রায়ই বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলা, সম্পত্তি নিয়ে বিরোধ এবং পারিবারিক নির্যাতনের ঘটনা সামনে আসে। কিন্তু এসব ঘটনা প্রকাশ্যে আসার পরও যদি যথাযথ সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ না নেওয়া হয়, তাহলে অসহায় মানুষগুলো আরও বেশি নিরুপায় হয়ে পড়েন। বিশেষ করে যাঁরা জীবনের শেষ প্রান্তে এসে নিজের সন্তানদের বিরুদ্ধেই অভিযোগ করতে বাধ্য হন, তাঁদের পাশে দাঁড়ানো রাষ্ট্র, সমাজ ও পরিবারের সবার নৈতিক দায়িত্ব।
কুলিয়ারচরের এই বৃদ্ধ শিক্ষক স্থানীয় সংসদ সদস্য- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমসহ প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়েছেন। তাঁর এই আকুতি যেন কোনো দেয়ালে আটকে না থাকে। প্রশাসনের উচিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা, বৃদ্ধের নিরাপত্তা নিশ্চিত করা এবং জমি নিয়ে বিরোধের আইনসম্মত নিষ্পত্তির ব্যবস্থা করা। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে পারিবারিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগও প্রয়োজন।
জীবনের শেষ প্রান্তে এসে একজন পিতা কি সন্তানের কাছে সম্পত্তি লিখে না দেওয়ার অপরাধে হত্যার হুমকি পাওয়ার মতো অসহায় হয়ে পড়বেন? যে পিতা সন্তানদের হাঁটতে শিখিয়েছেন, সেই পিতাকেই কি শেষ বয়সে নিজের ঘরে নিরাপদে থাকার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে হবে? যে সন্তানদের জন্য তিনি সারাজীবন সঞ্চয় করেছেন, তাদের কাছেই যদি তাঁর সম্মান ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমাদের শিক্ষা, পারিবারিক মূল্যবোধ ও মানবিকতার অর্জন কোথায়?
কথা একটাই, পিতার সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার আগে সন্তানদের কি পিতার ভালোবাসা, ত্যাগ এবং মর্যাদার উত্তরাধিকারী হওয়া উচিত নয়?