ব্রাহ্মণবাড়িয়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১২ টা ৫৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ পৈরতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯, সিলেট, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর থানাধীন দক্ষিণ পৈরতলা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের পাশে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পূর্ব পাশে একটি নির্মাণাধীন ভবনের সংলগ্ন ফাঁকা জায়গায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে এসআরবির আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি একটি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি লিডবল শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
এসআরবি সূত্র জানায়, উদ্ধার করা পাইপগান দুটির বডিতে খোদাই করে ‘জঅঞওগ’ লেখা রয়েছে। অস্ত্র দুটিতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত ছিল। এছাড়া পাইপগানের অগ্রভাগ, হাতল ও পেছনের অংশ সাদা রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। উদ্ধার করা শটগানের কার্তুজ দুটির গায়ে বিভিন্ন ইংরেজি অক্ষর ও নম্বর লেখা রয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।