সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৪ লাখ টাকারও বেশি মূল্যের ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন এবং ৪০ টন পাথরসহ একটি ভারতীয় ট্রাক আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টহল দল একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে পাথরের নিচে বিশেষভাবে লুকোচরি অবস্থায় রাখা ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্যরা ট্রাকের চালক জসিম শেখকে (২৭)—পিতা: জমিন সেখ, গ্রাম: মল্লিক সুলতানপুর, ডাকঘর: উমকান্ড তলা, থানা: কালিয়াচক, জেলা: মালদহ—আটক করেন। পাশাপাশি ৪০ টন পাথর ও চোরাচালানে ব্যবহৃত ভারতীয় ট্রাকটি (নম্বর: WB-73-G-4001) জব্দ করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোন, পাথর ও ভারতীয় ট্রাকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কবল থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”