আসন্ন নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট সমাজসেবক ও জননেতা রশিদুল ইসলাম লাল মিয়া। এরই ধারাবাহিকতায় এলাকার সর্বস্তরের জনসাধারণের সাথে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের করোনা মোড়ে বিএনপির কার্যালয়ে
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই সভায় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং একটি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তারেক আল হোসাইন ভূইয়া, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী রঞ্জুসহ আরো অনেকে।
চেয়ারম্যান পদপ্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়া বলেন, "জনগণের সেবা করার ব্রত নিয়েই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আপনারা সুযোগ দিলে এলাকার অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠায় সততার সাথে কাজ করে যাবো। আমি আপনাদের সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি।"
এ সময় স্থানীয় ভোটার ও সাধারণ মানুষ তাদের বিভিন্ন এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থী সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধানের দৃঢ় প্রতিশ্রুতি দেন। পরিশেষে, উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।