মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এ ভূমি অফিস চালুর মধ্য দিয়ে ইউনিয়নবাসীর ভূমিসংক্রান্ত সরকারি সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভূমি অফিসটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির এবং হাটিপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার রানা, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নতুন এ ভূমি অফিসের কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নবাসীকে ভূমিসংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা আরও সহজে ও দ্রুততার সঙ্গে প্রদান করা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এতে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।