নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কফি পাউডার ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ। অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৭২ হাজার টাকা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কাটাগাং সংলগ্ন ধনু নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জগৎজ্যোতি চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসআই আরিফ, এএসআই আশরাফসহ পুলিশের একটি দল অংশ নেয়।
এ সময় আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জ জেলার লাখাই থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. আব্দুল খায়ের (৩১) এবং সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার পুরাতন লাউরাঘর পূর্ব গ্রামের কাজল মিয়ার ছেলে মো. সিদ্দিকুল ইসলাম (২২)।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১৭০ বস্তা কফি পাউডার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৭২ হাজার টাকা। এ ছাড়া পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। নৌকাটির আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য দাঁড়িয়েছে ৪৬ লাখ ৭২ হাজার টাকা।
ধনু নদী হাওরাঞ্চলের মানুষের যোগাযোগ, জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অথচ এ নদীকে ঘিরে বিভিন্ন সময়ে অবৈধ কর্মকাণ্ড ও অনিয়মের অভিযোগ উঠে আসছে। এমন পরিস্থিতিতে নৌ পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, নদীপথে অপরাধ ও অবৈধ পণ্য পরিবহন রোধে নিয়মিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।
লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জগৎজ্যোতি চৌধুরী জানান, ধনু নদীকে অবৈধ কর্মকাণ্ডমুক্ত রাখতে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গোপন সংবাদের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, ধনু নদীতে নৌ পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এতে নদীপথে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি হাওরাঞ্চলের মানুষের নিরাপদ নৌ-যোগাযোগ ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত হবে।