নওগাঁর মান্দা থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫.২ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের চক জামদৈই বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. তাইজুল ইসলাম (৫৫), পিতা-জাহানে আলম, মাতা-মৃত তাইফুন বেগম, সাং-ভালাইন (সরদারপাড়া)।
২. শ্রী রাম প্রসাদ পাহান (৫৪), পিতা-মৃত রবি পাহান, মাতা-মৃত সোহাগী পাহান, সাং-ভালাইন (আদিবাসীপাড়া)। উভয়ের থানা-মান্দা, জেলা-নওগাঁ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি দল আজ রোববার সকালে ভালাইন ইউনিয়নের চক জামদৈই বাজারে অভিযান চালায়। এ সময় তাঁদের হেফাজত থেকে মোট ১৫.২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।