ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান আনিস ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিনের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সংগঠনের সব পদ স্থগিত করেছে কেন্দ্রীয় যুবদল।
কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্তকে ঘিরে ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।
রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করেন ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা, তাদের ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়া, ঠিকাদারি সিন্ডিকেট গঠন এবং নিজ দলের নেতাকর্মীদের নির্যাতনের একাধিক অভিযোগে এমনন সিদ্ধান্ত এসেছে । যুবদলের ২ নেতার স্থগিতের ঘটনায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
জেলা যুবদলের সদস্য আব্দুল কুদ্দুস লেলিন ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তার অভিযোগ, আওয়ামী লীগের পলাতক নেতা ও ঠিকাদার মনির হুজুরের ঠিকাদারি কাজ করার বিষয়ে তাঁরা প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে তাঁরা মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন বলে অভিযোগ করেন। এ ঘটনার জন্য তাঁরা জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খানকে দায়ী করেছেন।
লেলিনের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী এবং বর্তমানে পলাতক আওয়ামী লীগ নেতাদের ঠিকাদারি কাজ বাস্তবায়ন করা ও তাদের স্বার্থ রক্ষায় আনিসুর রহমান খান এবং রবিউল ইসলাম তুহিন ভূমিকা রাখছেন। এ ছাড়া নিজেদের ইউনিয়নে আওয়ামী যুবলীগের আহ্বায়ক জিএস জাকির ও আওয়ামী লীগ নেতা বাদল খানের ঠিকাদারি কাজ কমিশনে বা উঠিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এসব বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাঁদের অনুসারীদের মাধ্যমে লাঞ্ছিত ও অপদস্থ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন ও সদস্য সচিব আনিসুর রহমান খানের সঙ্গে আওয়ামী লীগের পলাতক নেতা মনির হুজুর, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হাফিজ আল মাহমুদ এবং যুবলীগ নেতা জিএস জাকিরের ঠিকাদারি কাজ বাস্তবায়নের চুক্তি, কাজের খারাপ মান ও তাদের মাধ্যমে ঠিকাদারি কাজের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা-সমালোচনা দেখা গেছে। এসব কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগও তুলেছেন কেউ কেউ।
সাম্প্রতিক সময়ে ঝালকাঠি পৌরসভার ঠিকাদারি কাজ নিয়েও নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ঠিকাদার হিসেবে পরিচিত আক্কাসের লাইসেন্স ব্যবহার করে একটি সিন্ডিকেটের মাধ্যমে কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করেন আনিস ও তুহিন। এ নিয়ে পৌরসভা কার্যালয়ের সামনে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শামীম মৃধার সঙ্গে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় আনিস ও তুহিনের ইন্ধন ছিল বলে অভিযোগ উঠেছে।
জেলা যুবদলের সদস্য আব্দুল কুদ্দুস লেলিন বলেন, "আওয়ামী লীগের আশ্রয়-প্রশ্রয়দাতা এবং তাদের ঠিকাদারি কাজ বাস্তবায়ন করার সঙ্গে আনিস ও তুহিন জড়িত। আমরা এসব অন্যায়ের প্রতিবাদ করায় আমাদের মারধর করে রক্তাক্ত করা হয়েছে। উল্টো আনিস আমাদের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে শোকজ করেছেন। এ ঘটনায় আমরা আগে অভিযোগ করেও কোনো বিচার পাইনি। এমনকি আইনের আশ্রয় নেওয়ার সুযোগও পাইনি।"
তিনি আরও বলেন, "অন্যায় কখনো চাপা থাকে না। আওয়ামী লীগের নেতাদের প্রশ্রয় দেওয়া, তাদের ঠিকাদারি কাজ উঠিয়ে দেয়া এবং নিজ দলের নির্যাতিত নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অপমান-অপদস্থ করার অভিযোগে আনিস ও তুহিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পদ স্থগিত হওয়াকে আমরা প্রাথমিক শাস্তি হিসেবে দেখছি। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত করে অপরাধ অনুযায়ী স্থায়ী বহিষ্কারের দাবি জানাই।"
এদিকে পদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, "আমি দলের কোনো নীতি-আদর্শের পরিপন্থী কাজ করি নাই। দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। দলের সঙ্গে থাকব ইনশাআল্লাহ।"
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি কখনো জড়িত ছিলাম না। দলের প্রতি আমার আনুগত্য, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে সবসময় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় কিংবা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়, এমন কোনো কাজ আমি করেছি বলে আমার জানা নেই।
যাইহোক দলের সিদ্ধান্ত মেনে, দলের কাজ আজিবন করে যাবো ইনশাআল্লাহ"
দলীয় নেতাকর্মীদের দাবি, পদ স্থগিতের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ না রেখে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষা করতে হবে।