বান্দরবানের লামায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন ও স্টিকার বিতরণ করা হয়।
বুধবার(০৪ নভেম্বর) সকাল ১১টায় লামা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে তথ্য অফিস লামার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ ও আলীকদম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জয়েল নুর খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেল।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও সঠিক তথ্য নিশ্চিত করা জরুরি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নারী ও শিশুর অধিকার রক্ষা, ছেলে-মেয়ের মধ্যে বৈষম্য দুর করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে।
তিনি ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজবও অপপ্রচার, ইভটিজিং ধর্ষণ,বাল্যবিবাহ, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নৈতিকতা ও মূল্যবাধের চর্চা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদে বিভিন্ন নাগরিক সেবা স্বল্প সময়ে গ্রহণের সুযোগ রয়েছে। লামা ইউনিয়নবাসী নাগরিক সেবা গ্রহণে কোনো ভোগান্তির শিকার হলে পরিষদের সহযোগিতা গ্রহণের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সহকারী তথ্য কর্মকর্তা বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিস্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, পানি জমতে পারে এমন পাত্র নিয়মিত পরিস্কারের পরার্মশ দেন। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্মনিবন্ধন সম্পন্ন করার জন্য অভিভাবকের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার নির্ধারিত কিছু জটিল রোগে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য এককালীন সর্বোচ্চ ১লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবাসমূহ তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন শ্রেণি পেশার নারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।