নওগাঁর ঘোষনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী রফিকুল আল আমিন চন্ডিপুর গ্রামে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন।
গণসংযোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ দেখা যায়। এ সময় তিনি গ্রামের বিভিন্ন অলিগলি ও বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে এলাকার প্রবীণ ব্যক্তি, তরুণ সমাজ ও নারী ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটারদের বিভিন্ন সমস্যার কথা শুনে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন রফিকুল আল আমিন।
তিনি বলেন, “আপনারা আমাকে অতীতেও যেভাবে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, আগামী নির্বাচনেও তার ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আমার বিশ্বাস। আমি আপনাদের সেবা করার জন্য প্রার্থী হয়েছি। চন্ডিপুর গ্রামসহ সমগ্র ৪ নম্বর ওয়ার্ডকে আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট চাই।”
এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ও তরুণ সমাজের প্রতিনিধিরা এলাকার উন্নয়নে যোগ্য নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেন। গণসংযোগ শেষে চন্ডিপুর গ্রামের বিভিন্ন মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।