সাতক্ষীরা থেকে প্রকাশিত নতুন প্রিন্ট পত্রিকা দৈনিক ‘সাতক্ষীরার খবর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সহসভাপতি চেয়ারম্যান আব্দুর রউফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাতক্ষীরার নতুন এই পত্রিকা স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে গণমানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা ‘সাতক্ষীরার খবর’ পত্রিকার আনুষ্ঠানিক যাত্রাকে স্বাগত জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সাতক্ষীরার সংবাদপত্র জগতে নতুন এই সংযোজন স্থানীয় সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন।