প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পিরোজপুরে কেক কাটা ও আলোচনা সভা করেছে জেলা মহিলা দল।
শুক্রবার (২০ নভেম্বর) পিরোজপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসির চেম্বারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি, নাজিরপুর উপজেলা মহিলা দলের আহ্বায়ক শিল্পী আক্তার, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফারজানা হক, সদস্য সচিব সালমা আক্তারসহ জেলা ও উপজেলা মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং নারীর ক্ষমতায়নে তাঁর নেতৃত্বে ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা বলেন, দেশের নারী সমাজকে আরও সংগঠিত ও স্বাবলম্বী করতে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে মানুষের অধিকার ও কল্যাণে ভূমিকা রাখার জন্য তাঁরা মহিলা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে জন্মদিন উদযাপন করেন।