নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২০ নভেম্বর) কালিয়া উপজেলায় নিহত দুই নেতার কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, “স্কুল-কলেজের ছাত্রদের বুকে গুলি চালিয়ে সিংহাসন টিকিয়ে রাখতে চাওয়া আওয়ামী লীগ পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকে তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তাই তারা এখনো এ দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।”

নিহতদের প্রতি শোক জানিয়ে তিনি আরও বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা নিষ্ঠুর হামলা চালিয়ে জাসাস নেতা সোহেল মোল্লাকে নির্মমভাবে হত্যা করার কাপুরুষোচিত ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী শাসকের পতনের পর থেকে মানুষের মধ্যে যে উদ্দীপনা ও জাগরণ সৃষ্টি হয়েছে, সেটিকে মেনে নিতে পারছে না বলেই ফ্যাসিবাদের দোসররা দেশব্যাপী খুন-খারাবি ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা শুরু করেছে। আর তারই ধারাবাহিকতায় সোহেল মোল্লার প্রাণ কেড়ে নেওয়া হলো।”

বর্তমান সরকারের প্রতি আস্থা রেখে তিনি বলেন, “আমি আশাবাদী বর্তমান বিএনপি সরকার এ ধরনের হত্যাকাণ্ড ও নাশকতা রোধে কঠোর ভূমিকা রাখবে। আর তাহলেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী শাসকের দোসরদের সকল ষড়যন্ত্র-চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।”

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে রুহুল কবির রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তারা নিহত দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি এবং কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামসহ নড়াইল সদর, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতী এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নেতাদের আগমন ও কবর জিয়ারতকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। বৈরী আবহাওয়া ও থেমে থেমে ভারী বৃষ্টি উপেক্ষা করেও হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হন। বৃষ্টিভেজা পরিবেশে স্বজন ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে শোকাবহ আবহের সৃষ্টি হয়। কর্মসূচিস্থল ও আশপাশের এলাকায় গ্রহণ করা হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহিনুর ও সোহেল রানার মরদেহ কালিয়ায় আনা হয়। মাগরিবের নামাজের পর উপজেলা মডেল মসজিদে দুজনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মামলা না হলেও পুলিশ দুজনকে আটক করেছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে তারা একটি মোটরসাইকেল শোডাউন করেন। সে সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে তথ্য সংগ্রহ করে দুজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে আমাদের জোরালো অভিযান অব্যাহত আছে এবং আশা করছি খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করতে পারব।”