দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, নৈরাজ্য, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং কথিত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে ফ্যাসিবাদবিরোধী ঐক্য। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা শহরের ঐতিহ্যবাহী নেত্রকোনা কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও নেত্রকোনা জেলা সদস্য সচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু কেউ কেউ সেই ধৈর্যকে দুর্বলতা মনে করছে। এ পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। জাতীয় স্বার্থে পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতাই পারে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা আহ্বায়ক মুফতী আব্দুল বারী, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আবুল বাশার হাদী, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি মাওলানা শরিফ উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েম খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা এনসিপি নেতা ইমন কায়েস শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুহাম্মদ আব্দুল গাফফার, জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সজীব সরকার রতন এবং খেলাফত মজলিসের ইসহাক গ্রুপের মুফতি আব্দুল্লাহ।
অন্যান্যদের মধ্যে খেলাফত আন্দোলনের জেলা নেতা হাফেজ জাকির হোসাইন, মুফতি আরিফুল ইসলাম, মাওলানা হোসাইন আহমাদ ও ছাত্রনেতা হাফেজ আব্দুল মোতালিবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশের শেষপর্বে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।