বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শৈশব থেকেই একটি দক্ষ, সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞানভিত্তিক সচেতনতামূলক সভা ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী কর্মশালা।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ১০ নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গজারিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (GIST Polytechnic)-এর বিশেষ উদ্যোগের দ্বিতীয় পর্ব হিসেবে এই কর্মশালা আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিন এবং মোঃ নুরুউদ্দিন দেওয়ান। এ সময় আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন জিস্ট পলিটেকনিকের একাডেমিক ইনচার্জ ইঞ্জিনিয়ার রিফাত সিকদার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ শাকিল।
কর্মশালায় কোমলমতি শিক্ষার্থীদের সামনে রোবটিক্স, আরডুইনো (Arduino) এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার নিয়ে তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা অত্যন্ত কৌতূহল ও আনন্দের সঙ্গে এসব প্রযুক্তির কার্যকারিতা পর্যবেক্ষণ করে।
আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত কৌতূহল, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা জাগ্রত করতে জিস্ট পলিটেকনিক ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে। কেবল প্রকল্প প্রদর্শনী নয়, বরং কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশাগত লক্ষ্য নির্ধারণে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের এই কৌতূহলী শিক্ষার্থীরাই সঠিক দিকনির্দেশনা পেলে আগামী দিনে দেশের দক্ষ প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও উদ্ভাবক হিসেবে আত্মপ্রকাশ করবে।