ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ১৭ নভেম্বর দূপুরে পরিচালিত এ অভিযানে নদী থেকে ছয়টি অবৈধ ঘের ও দলকাটা উচ্ছেদ এবং ২৫ টি রিং জাল জব্দ করা হয়। এ সময় অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আক্কাছ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন ভূঁইয়া, নবীনগর থানার পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার সদস্যরা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে তিতাস নদীতে অবৈধভাবে স্থাপন করা ছয়টি ঘের ও দলকাটা উচ্ছেদ করা হয়। পাশাপাশি মাছ শিকারে ব্যবহৃত ২৫ টি রিং জাল জব্দ করা হয়। অবৈধ রিং জাল ও চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে একজনকে আটক করে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে জব্দ করা রিং জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নদীর মৎস্যসম্পদ রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।