সীমান্ত এলাকায় মানব পাচারের অভিযোগে তালিকাভুক্ত পাঁচ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে। সোমবার ১৬ নভেম্বর রাতে সালদানদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্তকেন্দ্রিক অপরাধ দমন এবং মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে বিজিবির আভিযানিক দল ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন।
আটক ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের মোঃ জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের মোঃ খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের মোঃ জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের টুটুল খান টিটু (৩০) এবং নারায়ণপুর গ্রামের আপন (৩৩)।
অভিযান শেষে আটক পাঁচজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবপাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।