নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, ধর্মীয় সহনশীলতা ও সামাজিক শান্তি বজায় রাখার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, নেত্রকোণার যৌথ আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা বিষয়ক আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, নেত্রকোণার উপপরিচালক জনাব মোঃ সুজন আহমেদ চৌধুরী।
আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা জোরদার, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং সামাজিক শান্তি ও শৃঙ্খলা অক্ষুণ্ন রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য ধরে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সবার দায়িত্ব।
বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এমন গুজব, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকতে হবে। যেকোনো ধরনের বিভ্রান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
আলোচনায় সব ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতি, উপাসনালয় ও ধর্মীয় উৎসবের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমাজে পারস্পরিক সহমর্মিতা, মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।