সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ২০ নভেম্বর কালিগঞ্জ মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ উপজেলা কমান্ডের বাস্তবায়নে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে ১০টায় মহৎপুর সরকারি গোরস্থানে শহীদ মুক্তিযোদ্ধা ইউনূসের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করা হয়। পরে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে বাংলাদেশ সেনাদল কর্তৃক কালিগঞ্জকে মুক্ত অঞ্চল ঘোষণার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুর রহমান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফসহ অন্যরা।
এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু ও বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদসহ অনেকে।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, মহান মুক্তিযুদ্ধে দখলদার বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করে সহ-অধিনায়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম নুরুল হুদার নেতৃত্বে একদল বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের ২০ নভেম্বর কালিগঞ্জ থানাকে শত্রুমুক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. এরফানুর রহমান বলেন, কালিগঞ্জে যোগদানের পরদিনই মুক্ত দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবারের আয়োজন কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে দিবসটি উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, কালিগঞ্জের উন্নয়নে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি। আগামী ১৬ ডিসেম্বর অথবা ২৬ মার্চের জাতীয় উৎসবকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি সংকলন প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। যারা শহীদ হয়েছেন, তাঁরা চির অমর। আর যাঁরা বেঁচে আছেন, তাঁরা আমাদের গর্ব, আমাদের ইতিহাস। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সুধীজন উপস্থিত ছিলেন।