তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়—সবই তৈরি হয় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে। বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও কঠিন চীবর দানের বিশেষ আচার অনুসরণ করে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে অনুষ্ঠিত হয়েছে চীবর তৈরির ব্যতিক্রমী আয়োজন। দুই শতাধিক বেইনে প্রায় ৮০০ নারী অংশ নেন এই কর্মযজ্ঞে। ৫০তম সুবর্ণজয়ন্তীর এই মহোৎসবে তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়েছেন লাখো পুণ্যার্থী। ধর্মীয় আচার, ঐতিহ্য আর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো বিহার প্রাঙ্গণ।
দূর পাহাড়ি জনপদ পেরিয়ে কেউ এসেছেন, আবার কেউ এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সবার গন্তব্য রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহার। উদ্দেশ্য, ৫০তম সুবর্ণজয়ন্তীর কঠিন চীবর দানোৎসবে অংশগ্রহণ এবং ধর্মীয় পুণ্য অর্জন।
পুণ্যার্থী, ভিক্ষু ও দর্শনার্থীদের পদচারণায় মুখর বিহার প্রাঙ্গণ। বৃহস্পতিবার বেইন কর্মীদের পঞ্চশীল গ্রহণ এবং বেইনঘর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী এই আয়োজন। রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির বেইনঘর উদ্বোধন করেন। পরে চাকমা রাজপরিবারের সদস্য জয়তি রায়ের চরকায় সুতা কাটার মধ্য দিয়ে শুরু হয় চীবর তৈরির আনুষ্ঠানিকতা।
বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, মহাউপাসিকা বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি করে বুদ্ধের কাছে দানের প্রথা চালু করেন। সেই ঐতিহ্য অনুসরণ করেই প্রতিবছর উদযাপিত হয় কঠিন চীবর দানোৎসব। ১৯৭৬ সাল থেকে রাঙামাটির রাজবন বিহারে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে এই উৎসব। এবারের আয়োজন সেই ধারাবাহিকতার ৫০তম বছর, সুবর্ণজয়ন্তী।
এবারের সুবর্ণজয়ন্তীর আয়োজনেও রয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। বিহার প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে দুই শতাধিক বেইন। এতে প্রায় ৮০০ নারী অংশ নিয়েছেন চীবর তৈরির কাজে। তুলা থেকে সুতা তৈরি, সুতা রং করা, শুকানো এবং তাঁতে কাপড় বোনার প্রতিটি ধাপ সম্পন্ন করা হয় রাতভর। সবশেষে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রস্তুত করা হয় বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় চীবর।
এই আয়োজন কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং সম্মিলিত শ্রম, নিষ্ঠা ও সাধনার এক অনন্য দৃষ্টান্ত। বেইনে বেইনে নারীদের ব্যস্ততা আর পুণ্যার্থীদের উপস্থিতিতে পুরো বিহার প্রাঙ্গণ পরিণত হয়েছে এক বিশাল ধর্মীয় মিলনমেলায়।
তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থীদের কাছে এই চীবর দান ধর্মীয় পুণ্য অর্জনের পাশাপাশি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার এক বিশেষ উপলক্ষ।
উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তা।
২৪ ঘণ্টার কর্মযজ্ঞ শেষে তৈরি চীবর বৌদ্ধ ভিক্ষু সংঘের উদ্দেশে উৎসর্গের মধ্য দিয়ে পূর্ণতা পায় এই আয়োজন। ধর্মীয় বিশ্বাস, শত বছরের ঐতিহ্য আর মানুষের সম্মিলিত অংশগ্রহণে রাজবন বিহারের ৫০তম সুবর্ণজয়ন্তীর কঠিন চীবর দানোৎসব হয়ে উঠেছে সম্প্রীতি ও পুণ্যার্থীদের এক অনন্য মিলনমেলা।