রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী।

এদিকে, শিশু রামিসা হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা হাইকোর্টে বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। মামলার বিবরণ অনুযায়ী, গত ৭ জুন শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায়ে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর সোহেল রানা পালিয়ে গেলেও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

গত ২১ মে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন।