দীর্ঘ চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর ‘ওটিলিয়া রিটার্নস : বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে আয়োজিত কনসার্টে পারফর্ম করবেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। দেশীয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ কনসার্টটির আয়োজন করছে। সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে অনুষ্ঠানের তারিখ নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠানটি। পাশাপাশি আগামী দু-এক দিনের মধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনার কথাও জানিয়েছে তারা।
আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার নাঈম আশরাফ জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজনের অনুমতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। অনুমতি পাওয়ার পর টিকিট বিক্রি শুরু হবে।
এর আগে গত অক্টোবর মাসে ওটিলিয়া তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেন। এরপর থেকেই বাংলাদেশে তাঁর ভক্তদের মধ্যে অনুষ্ঠানটি ঘিরে আগ্রহ তৈরি হয়।
‘বিলিওনেরা’ গানের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। গানটি প্রকাশের পর বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। দীর্ঘ বিরতির পর তাঁর ঢাকা সফর ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে।
উল্লেখ্য, এর আগে ইমেকার্স বাংলাদেশ অরিজিৎ সিং, নেহা কক্করসহ আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে একাধিক বড় আয়োজন করেছে। সেই ধারাবাহিকতায় এবার ঢাকার মঞ্চে হাজির হচ্ছেন ওটিলিয়া।