মানিকগঞ্জে যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানকে গ্রেফতার করেছে স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৪ (সিপিসি-৩)। আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নিজ বাসায় অবস্থানকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া নগরভবন রোড এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। হামজা খান ওই এলাকার মৃত মালেক খানের ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। ওই দিন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী মিনিবাসেও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এ দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন হামজা খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সক্রিয় দেখা যায়। রোববার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন এসআরবি সদস্যরা। পরে তাকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খানকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।