মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সপ্তাহে উজবেকিস্তান সফরে একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সেখানে মধ্য এশিয়ার পাঁচটি দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকেও যোগ দেবেন তিনি। এরপর ভারত সফরে যাবেন রুবিও।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সফরের প্রথম পর্যায়ে তিনি উজবেকিস্তানের সমরকন্দে যাবেন। সেখানে ‘সি৫+১’ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঐতিহাসিক সফরে পররাষ্ট্রমন্ত্রী রুবিও ২০০ জনের বেশি ব্যবসায়ী নেতাকে নিয়ে গঠিত একটি মার্কিন বাণিজ্যিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্যিক সহযোগিতা জোরদারে নতুন যুগের সূচনা হবে।’
গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে মধ্য এশিয়ার সম্পদসমৃদ্ধ পাঁচটি দেশের নেতাদের স্বাগত জানান।
এরপর রুবিও ভারত সফরে যাবেন। চলতি বছর এটি হবে তাঁর দ্বিতীয় সরকারি ভারত সফর। ১৭ থেকে ২২ অক্টোবর তিনি ভারতের মুম্বাই ও জামনগর শহরে অবস্থান করবেন। এ সময় দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারত্ব জোরদার করা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা।
বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ বাড়াতে রুবিও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। গত মে মাসে সর্বশেষ ভারত সফর করেন রুবিও। সে সময় চার দিনে দেশটির চারটি শহর সফর করেন তিনি। চীনের উত্থানে প্রভাবিত বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক প্রশাসনগুলো ভারতকে নিজেদের সমমনা অংশীদার হিসেবে বিবেচনা করে আসছিল।
তবে ট্রাম্প সেই নীতিতে পরিবর্তন এনেছেন। তিনি সাময়িকভাবে উচ্চ শুল্ক আরোপ করেছেন এবং ভারতের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছেন।