বুলবুল আহমেদ - রংপুর ব্যুরো চীফ।
নীলফামারীর ডিমলায় জমি-জমার বিরোধের জের ধরে প্রতিবেশীকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেল। এ ঘটনায় মাদক চক্রের নুর ইসলাম (৬৭) ও মোশাররফ হোসেন (৭০) নামে দুইজনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামের বাসিন্দা।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় বিষয়টি নিশ্চত করেছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাবুরহাট গ্রামের দুলু মিয়ার সাথে প্বার্শবর্তী রুপাহারা এলাকার নুর ইসলাম ও মোশারফ হোসেনের আর্থিক লেনদেন ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে নুর ইসলাম ও মোশাররফ তাদের প্রতিপক্ষ দুলুকে মাদক দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে।
বৃহস্পতিবার (১০ই অক্টোবর) রাতে ১০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা দুলুর বাড়ির শৌচাগারের খড়ের চালার উপরে রাখে নুর ইসলাম ও তার দুই সহযোগী। এরপর পুলিশকে খবর দেন তারা। পুলিশ গিয়ে দুলুর বাড়ির পেছনের শৌচাগারের চালা থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে দুলু মিয়াকে আটক করে। দুলুকে আটকের পর বিষয়টি পুলিশের সন্দেহ হলে তথ্যদাতা নুর হোসেন ও মোশাররফকে বৃহস্পতিবার রাতেই আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করেন। নুর ইসলাম ও মোশারফ পুলিশকে জানায়, জমিজমা ও আর্থিক লেনদেনের বিরোধের জেরে তাদের প্রতিপক্ষ দুলুর মিয়াকে ফাসানোর পরিকল্পনা করেন তারা।পূর্বপরিকল্পনা অনুযায়ী টাকা দিয়ে ইয়াবা ও গাঁজা কিনে দুলুর বাড়ির শৌচাগারে রেখে তাকে ফাঁসানো হয়েছে বলে জানান তারা।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় আরো বলেন, দুলু মিয়া মাদকের সাথে জড়িত না। যারা মাদকের তথ্য দিয়েছে তারাই বাড়িতে মাদক রেখে দুলুকে ফাঁসিয়েছে। দুলুকে ছেড়ে দিয়ে এ ঘটনায় জড়িত নুর হোসেন ও মোশাররফসহ তিনজনের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। এ ঘটনায় আটক নুর হোসেন ও মোশারফকে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামী ইয়াকুব ইসলাম আপনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।