মো:নুর আলম,দূর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
কয়লাতে আগুন ধরিয়ে শুরু হয় হাঁপড়ে বাতাস দেয়া। আগুনের মধ্যে লোহাকে রেখে গলানো হয়। লোহা পুড়ে লাল হয়ে গেলে হাতুড়ি দিয়ে আঘাত করে চাহিদা মতো আকৃতি দেয়া হয়। এভাবে তৈরি হয়ে যায় কাস্তে, দা, কুড়াল, খুন্তি। কারিগরের নাম নুকুল কুমার ঘোষ। যিনি একজন মাস্টার্স পাশ তরুণ।
নেত্রকোনার দুর্গাপুরের এই তরুণের প্রতিটি দিন শুরু হয় এভাবেই। নিজ যোগ্যতামতো কোন চাকরি না পেয়ে বাবার পেশায় ফিরে খুব কষ্টে সংসার চালাচ্ছেন নুকুল। নিজের কোন কৃষি জমি কিংবা অর্থ না থাকায় অন্য কোন পেশাতেও যাওয়া সম্ভব হচ্ছে না।
দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজারে দেখা মিললো নুকুল ঘোষের। তিনি
বিরিশিরি ইউনিয়নের মৃত রাশমহন ঘোষের ছেলে। নুকুল ২০১৩ সালে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স পাশ করেন।
নুকুল বার্তা বিচিত্রা কে বলেন, খুব সকালে ঘুম থেকে উঠে নিজের সাইকেলে ৫ কিলোমিটার দূরে কাপাসাটিয়া বাজারে কাজের ঘরটিতে হাতুড়ি, নিহাই, পাড়ান, রেত, সাঁড়াশি নিয়ে বসে যান। সারাদিন চলে এই তীব্র পরিশ্রমের কাজ।
মাস্টার্স পাশের পর পরিবারের সবার চাওয়া ছিল একটি ভাল চাকরি করবেন নুকুল। এজন্য তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেছেন। চাকরি করতে গিয়ে হয়েছেন প্রতারিত। চাকরি না পেয়ে নিজের জীবন ও সংসার নিয়ে পড়েছেন মহা বিড়ম্বনায়।
নুকুল বলেন, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বর্তমানে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। পরিবারের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছি বারবার।
তবে এতো কষ্টের মধ্যেও তিনি এখনো স্বপ্ন দেখছেন একটা চাকরির। চাকরিটা পেলেই তার পরিবারের সকলের কষ্ট দূর হবে।
নুকুলের পরিচিতরা জানান,নুকুল ঘোষ খুব দারুণ মানুষ। এমন শিক্ষিত তরুণের চাকরি না পাওয়াটা সমাজের জন্য খুব বেদনাদায়ক।
কাপাসাটিয়া বাজারের স্থানীয় ঔষধ ব্যবসায়ী ফরহাদ ইকবাল সরকার বলেন নুকুল খুব ভাল মনের মানুষ। আমাদের প্রত্যাশা ছিল সে তার শিক্ষা অনুযায়ী কর্ম পাবে, কিন্তু তা হয়নি। আমরা সরকারের কাছে তার কর্মসংস্থানের জোর দাবি জানাই।
স্থানীয় সাংবাদিক মোরশেদ আলম বলেন,একজন শিক্ষিত তরুণ হিসেবে নুকুল ঘোষের অবশ্যই একটি সম্মানজনক জীবনধারা প্রাপ্য। যেখানে কেউ তাকে টিপ্পনী কাটবে না। এজন্য একটি চাকরি তার খুব প্রয়োজন। কেউ তাকে একটি চাকরির ব্যবস্থা করে দিতে পারলে সে অনেক উপকৃত হবে।
নাগরিক সমাজকর্মীরা বলছেন একটা চাকরিই পারে একজন শিক্ষিত মেধাবী নুকুল ঘোষের দুঃখ দূর করে তাকে একটি সুন্দর জীবন নিশ্চিত করতে,তাকে তার প্রাপ্য মর্যাদা দিয়ে সহযোগিতা কামনা করেন।