কুলাউড়ার দুই যুবকের লাশ উদ্ধার

Date: 2022-11-13
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলায় পৃথক দুটি স্থান থেকে কুলাউড়ার দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) সকালে কমলগঞ্জ ও জুড়ী উপজেলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতদেহ উদ্ধার হওয়া দুই যুবক হলেন, কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক গ্রামের মো. খলিল মিয়ার ছেলে পারভেজ আহমদ (৩০) ও অপরজন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের মৃত হাছন আলীর ছেলে সাইদ আলী (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০ টার দিকে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পারভেজ আহমদ (৩০) নামে এক যুবক মারা যান। কমলগজ্ঞ উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলাবাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণাধীন একটি দ্বিতলা ভবনের পাশে এ ঘটনাটি ঘটে। তিনি নির্মাণাধীন ওই ভবনের কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।

অপরদিকে, নির্মাণাধীন ভবন ও মালামাল পাহারাদারের দায়িত্বে থাকা সাইদ আলী (২৫) নামে আরও এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হজরত শাহ খাকী (র.) ইসলামিয়া মাদ্রাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

Leave Your Comments