শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার গ্রামে মদ খেয়ে মাতাল শ্যালক উৎসব মারাকের (২১) বাঁশের লাঠির আঘাতে মাতাল ভগ্নিপতি আলবার্ট দাওয়া (৪০) খুন হয়েছেন। রোববার (১৩ নভেম্বর) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্যালক উৎসবকে আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, রাতে আলবার্ট উপজাতি অন্য সঙ্গীদের সাথে মিলে চুলাই মদ খেয়ে বাড়ি ফিরছিল। এসময় শ্যালক উৎসব মারাকের বাড়িতে এলে উভয়ের মধ্যে কোন একটি বিষয় নিয়ে তর্ক বাধে। তর্কের একপর্যায়ে উৎসব বাঁশের লাঠি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আলবার্ট মারা যান। তবে স্বজনেরা রক্তাক্ত আলবার্টকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত শ্যালক উৎসব নিজেই পুলিশের হাতে আত্মসমর্পণ করেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান,ঘটনার পর পরই উৎসব নিজেই পুলিশের হাতে আত্মসমর্পণ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।