নওগাঁর বদলগাছিতে পুলিশ সুপারের দিকনির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণা চক্রের ফাঁদে ফেলে ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই তরুণকে গ্রেপ্তার এবং ভিকটিমের ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের হটশাপিলা বসাকপাড়া গ্রামস্থ কেওড়াতলা মন্দিরের সামনে পাকা রাস্তার ওপর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মামলার বিবরণ ও ভিকটিম সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার ভিকটিম মো. হুমায়ুন কবির (৪৫) সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে আসামিদের ডাকে সাড়া দিয়ে ওই স্থানে মোটরসাইকেলযোগে পৌঁছান।
এ সময় সেখানে আগে থেকেই ওত পেতে থাকা সিয়াম (১৮) ও রোহিত (১৮)সহ অজ্ঞাতনামা আরও ১-২ জন মিলে ভিকটিম হুমায়ুন কবিরের পথরোধ করে এবং এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে জোরপূর্বক তার মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ ৯০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভিকটিমের আত্মচিৎকারে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই ভিকটিম মো. হুমায়ুন কবির বাদী হয়ে বদলগাছি থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বদলগাছি থানা পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে সেখানে আকর্ষণীয় তরুণীদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে সহজ-সরল যুবকদের ফাঁদে ফেলত। পরবর্তীতে সুবিধাজনক সময়ে ফাঁদে ফেলে তাদের বিভিন্ন স্থানে ডেকে জিম্মি করে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতো।
এ ধরনের সংঘবদ্ধ প্রতারক চক্র থেকে সর্বসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। ফেসবুকে বা যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারো সঙ্গে পরিচিত হওয়ার ক্ষেত্রে এবং নির্জন স্থানে একা দেখা করার বিষয়ে অত্যন্ত সতর্ক ও সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।