আওয়ামী লীগ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে ছড়িয়ে পড়া তথ্যকে ‘ভিত্তিহীন গুজব’ বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর কেন্দ্রীয় সভাপতি এবং জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা কমরেড সাইদ আহাম্মেদ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "এক শ্রেণীর কুচক্রী মহল দেশে নানা ধরনের বিভ্রান্তি ও গুজব ছড়ানোর চেষ্টা করছে। তারা দাবি করছে যে শেখ হাসিনা নাকি ডিসেম্বরে দেশে ফিরবেন এবং দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এ ধরনের প্রোপাগান্ডায় দেশের জনগণকে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি।"
তিনি প্রশ্ন তুলে বলেন, "যাঁরা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন, তাঁরা কি স্পষ্ট করে বলতে পেরেছেন এটি কোন বছরের ডিসেম্বর? জনগণকে আবারও বিভ্রান্ত করতে এ ধরনের অলীক ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।"
সাম্যবাদী দলের এই নেতা আরও বলেন, "বাংলাদেশের মুক্তিকামী জনগণ আজ জাগ্রত ও ঐক্যবদ্ধ। জনগণ বর্তমান বিএনপির নেতৃত্বাধীন জোট ও গণমুখী শক্তির পক্ষে অবস্থান নিয়ে যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত।"
বিবৃতির শেষে তিনি দেশের মেহনতি মানুষের ঐক্য এবং যেকোনো অপশক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।