বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলা ও নেতাকর্মীদের আটকের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে সিপিবির সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবির দুর্গাপুর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সুসঙ্গ দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি সায়মন মিয়া।
সমাবেশে বক্তারা বলেন, গত ২৬ অক্টোবর সন্ধ্যার পর সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলা ও নেতাকর্মীদের আটকের ঘটনা উদ্বেগজনক। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে রাজনৈতিক মতপ্রকাশ, শান্তিপূর্ণ সভা-সমাবেশ আয়োজন এবং রাজনৈতিক সংগঠন পরিচালনার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তাঁরা।