পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আলিফ ইসলাম (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ ইসলাম ওই গ্রামের হেকমত আলীর ছেলে। সে বোদা পাথরাজ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আলিফ বাড়ির পাশে করতোয়া নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে নদী থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নদীতে ডুবে তরুণের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।