পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীদের সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। এ সময় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও রবিউল ইসলাম বলেন, সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ডায়রিয়া, নিউমোনিয়া ও কৃমি সংক্রমণসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজ সেবক হুমায়ুন কবির লায়ন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শওকত উল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।