ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত করেছে সরকার। বোর্ডের সব দায়িত্ব সংস্থাটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মুহা. মনিরুজ্জামানকে দেওয়া হয়েছে। এ বিষয়ে গত সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা-২ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ৪২(খ) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ড অপসারণকালীন সময়ের জন্য বোর্ডের সব দায়িত্ব বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামান পালন করবেন।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব তাহলিমা শিরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। তবে ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত করার সুনির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
এর আগে গত ২৫ আগস্ট ড. মুহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই সময় তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, গত ২ আগস্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সাব্বির মোস্তফা খানকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।
ঢাকা ওয়াসা রাজধানী ও আশপাশের এলাকায় পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং সংশ্লিষ্ট অবকাঠামো ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। বোর্ড বিলুপ্তির ফলে আপাতত বোর্ডের দায়িত্বও এমডির হাতে ন্যস্ত হলো।