গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মাদরাসার সামনে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে তাঁরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার পাশে সিএনজি পাম্পসংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল জাবির। তিনি মাদরাসার আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসা ছুটির পর সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় জাবির গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনার পর শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, মাদরাসার সামনে ব্যস্ত সড়ক পারাপার করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
মাদরাসার ছাত্র সংসদের ভিপি মঈনুল ইসলাম বলেন, ফুটওভার ব্রিজ নির্মাণের দাপ্তরিক কার্যক্রম কিছুটা এগোলেও বাস্তবায়নে দীর্ঘসূত্রতা রয়েছে। প্রশাসনের উদাসীনতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি।
শিক্ষার্থীরা জানান, এর আগেও একই স্থানে সড়ক দুর্ঘটনায় মাদরাসার শিক্ষার্থী ইয়াসিন আলী নিহত হন। ওই ঘটনার পর ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় তিন মাস পার হলেও কাজের দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে তাঁদের অভিযোগ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। বিকেল সোয়া ৫টা পর্যন্ত অবরোধ চলছিল।
শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মাদরাসার সামনে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। তাঁদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তাঁরা।