ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বাইরে পাচার করে বিক্রির চেষ্টাকালে ৪০ বস্তা টিএসপি সারসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বর চাঁদা বাজার থেকে এসব সার জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, বাজার থেকে ৪০ বস্তা টিএসপি সার উপজেলার বাইরে অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। এ সময় পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলীসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৪০ বস্তা সার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করেন।
পরবর্তীতে জব্দকৃত সার ভেজাল প্রমাণিত হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।