বগুড়ার শিবগঞ্জে এক নারী ইটভাটা শ্রমিককে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেশী মো. রেজাউল করিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুলতানার স্বামী মো. আমিনুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। অভাবের সংসারে সুলতানা একই গ্রামের রশিদুল ইসলামের ইটভাটায় কাজ করে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন। প্রতিবেশী হওয়ার সুবাদে অভিযুক্ত রেজাউল করিম তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন এবং শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
এতে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো। অভিযোগ অনুযায়ী, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামে রশিদুল ইসলামের ইটভাটা সংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছালে রেজাউল করিম তাকে জড়িয়ে ধরে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে তার পরনের সালোয়ার-কামিজ টানাটানি করে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় আত্মরক্ষার্থে সুলতানা অভিযুক্তের হাতে কামড় দিয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে মোছা. পিসতা (৬০), মোছা. কুলসুম বেগম (৩০)সহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর শিবগঞ্জ থানার ওসির নির্দেশনায় এসআই উৎপল ৩০ অক্টোবর রাতে করতকোলা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।