২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা। তবে সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছেলেরা মেয়েদের ছাড়িয়ে গেছেন। শনিবার প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবার ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ এবং মেয়েদের ৫৬ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পাসের হারে মেয়েরা ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

এবার পরীক্ষায় অংশ নেওয়া ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছেলের মধ্যে পাস করেছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। অন্যদিকে ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন মেয়ের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। জিপিএ-৫ অর্জনের পরিসংখ্যানে দেখা গেছে, এবার ২০ হাজার ৩৬৩ জন ছেলে এবং ১৯ হাজার ৭২১ জন মেয়ে সর্বোচ্চ ফল পেয়েছেন। সে হিসাবে জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা মেয়েদের চেয়ে ৬৪২ জন এগিয়ে রয়েছেন।

এ বছর ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সেই হিসাবে এবার এ সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।