"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, আত্মকর্মসংস্থানের জন্য যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান।
রবিবার (১ ১০ ২০২৬) নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য (৪৬, নওগাঁ-১) জনাব মোহাঃ মোস্তাফিজুর রহমান। নিয়ামতপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোছাঃ মুর্শিদা খাতুন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
দিনটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোহাঃ মোস্তাফিজুর রহমান বলেন, "যুবসমাজই যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। নতুন বাংলাদেশ গঠনে যুবকদের দক্ষতা অর্জন ও উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সরকার যুব সমাজকে কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদানে বদ্ধপরিকর।" তিনি যুবদের উদ্দেশ্যে বলেন, "শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে প্রাপ্ত ঋণের সঠিক ব্যবহার করে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করুন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান।"
স্বাপত্যমূলক বক্তব্যে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ মুর্শিদা খাতুন বলেন, "উপজেলা প্রশাসন তরুণদের সার্বিক উন্নয়নে সবসময় পাশে রয়েছে। যুবদের দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।"
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী সফল যুব ও যুবনারীদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় যুব উন্নয়ন কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত বিপুল সংখ্যক যুবক-যুবনারী উপস্থিত ছিলেন।